লন্ডনে বিনা মূল্যে ফ্ল্যাট নেওয়া এবং অর্থনৈতিক দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে নিয়ে বিতর্ক তুঙ্গে। ব্রিটিশ বিরোধী দল তার পদত্যাগের দাবি জানালেও এবার এ বিষয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তি বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। যদি এটি প্রমাণ হয় যে, তিনি শেখ হাসিনা সরকারের সময় লুটপাটের সুবিধাভোগী, তাহলে তাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত।”
এদিকে, যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের বরখাস্তের দাবি তুলেছে। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ এক বিবৃতিতে বলেছেন, “টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তার অবস্থান পরিষ্কার না হলে তাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে দেওয়া উচিত নয়।”
এর আগে, টোরি এমপি বব ব্ল্যাকম্যানও বলেছেন, “টিউলিপকে তার সম্পত্তির বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। তা না হলে তিনি তার দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন না।”
টিউলিপ সিদ্দিক অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, “আমি কোনো ভুল করিনি।”
একই সঙ্গে তিনি ব্রিটেনের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার লরি ম্যাগনাসকে নিজেই তদন্তের আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, “টিউলিপের ওপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পূর্ণ আস্থা রয়েছে। তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”
প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টির ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এবং তার জন্মভূমি বাংলাদেশে তদন্ত চলমান থাকায় বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।